
মোঃ রিয়াজুর রহমান পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে বজ্রপাতে মোহাম্মদ ইউসুফ আলী শিকদার (৪৫) নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সেয়াকাঠি, বুড়ি ও খেয়াঘাট বাজারসংলগ্ন কেশবপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইউসুফ আলী শিকদার আদম আলী শিকদারের ছেলে। জানা যায় তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির কাছের একটি কোলায় অবস্থানকালে হঠাৎ বজ্রপাত হলে ইউসুফ আলী শিকদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।