
নিজস্ব প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের মরহুম আলহাজ মোঃ গেয়াসউদ্দিন সরকার ফুটবল মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-০২ (পূবাইল) ও অঞ্চল-০৮ (কাশিমপুর) মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় টাইব্রেকারে পূবাইল অঞ্চল ৩-২ গোলে কাশিমপুর অঞ্চলকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফিরোজ আল মামুনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শওকত হোসেন সরকার বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা আরও বাড়ানো প্রয়োজন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, টুর্নামেন্টে গাজীপুর সিটি কর্পোরেশনের ৮টি অঞ্চলের মোট ১৬টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে।
আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার, সভাপতি প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম এবং সদস্য-সচিব সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফিরোজ আল মামুন।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম (অঞ্চল-১), রুবাইয়া ইয়াসমিন (অঞ্চল-২), মোসাঃ হাফিজা জেসমিন (অঞ্চল-৩), সালমা খাতুন (অঞ্চল-৪), মাহমুদা আক্তার (অঞ্চল-৬), নাজরাতুন নাঈম (অঞ্চল-৭) ও ইলিশায় রিছিল (অঞ্চল-৮)।
এ ছাড়া শৃঙ্খলা কমিটির আহ্বায়ক নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ, ক্রয় কমিটির আহ্বায়ক প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম, মাঠ প্রস্তুত কমিটির আহ্বায়ক প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারেক এবং খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা দায়িত্ব পালন করছেন।
খেলা পরিচালনা কমিটিতে রয়েছেন মোঃ শাহাদাত হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন আলম, মোঃ ইমরান হোসেন খান, মোঃ লুৎফর রহমান লিটন, কাজী হাফিজুর রহমান শুভ ও সাজ্জাদ হোসেন। সদস্য-সচিব হিসেবে রয়েছেন সাবেক ফুটবলার আব্দুর রহিম খান (কালা)।
মাঠ প্রস্তুতি কমিটিতেও সাবেক ফুটবলার **আব্দুর রহিম খান (কালা)**সহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। মঞ্চ সাজসজ্জা, প্রচার ও আপ্যায়ন কমিটির আহ্বায়ক অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক।
খেলোয়াড়দের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসা কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রহমত উল্লাহ।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে গাজীপুরে স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা আরও বিস্তৃত হবে এবং তরুণদের মাঠমুখী করার পাশাপাশি খেলাধুলার পরিবেশ তৈরি হবে।