
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিভিন্ন পদমর্যাদায় কর্মরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মাঝে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫’-এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তির ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব ইসরাইল হাওলাদার। তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে এ+ (A+) অর্জনকারী শিক্ষার্থীদের এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
এ সময় পুলিশ কমিশনার মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, মেধাবী ও কৃতি সন্তানদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে মোঃ জাহিদ হোসেন ভূঞা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ), বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।