
ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্তি হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় প্রতিমন্ত্রী প্রশিক্ষণরত খুদে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, তাদের প্রশিক্ষণের অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন এবং উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানের আলোকে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়েরা ভবিষ্যতে জাতীয় দলের নেতৃত্ব দেবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, পরিকল্পিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে তরুণ খেলোয়াড়েরা নিজেদের প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারবে। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদকমুক্ত ও ঐক্যবদ্ধ জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিকেএসপি সূত্রে জানা গেছে, ৪০ দিনব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে মোট ২২৭ জন খেলোয়াড় অংশ নেন। তাঁদের মধ্য থেকে চূড়ান্তভাবে ৪০ জনকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত খেলোয়াড়েরা ভবিষ্যতে বিকেএসপির দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রমে ভর্তির সুযোগ পাবে।
নতুন কুঁড়ি স্পোর্টসের এই ক্যাম্পের মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রতিভা বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য যোগ্য ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা। সংশ্লিষ্টদের আশা, পরিকল্পিত প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি পরিচর্যার মাধ্যমে এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।