
কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুরে প্রবাসী সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম ও স্থানীয় এলাকাবাসী।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, খবির আলম প্রধানিয়া ওরফে কবির তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। এ মামলার কারণে তিনি ও তার স্বজনেরা নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগও করেন তিনি।
সাইফুল আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে খবির আলম প্রধানিয়া তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তোলা ছবি প্রদর্শন করে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করতেন। তিনি সালমান এফ রহমান ও নিখিলের সঙ্গে তোলা ছবি দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও অর্থ আদায় করতেন বলেও দাবি করেন সাইফুল।
মানববন্ধনে অংশগ্রহণকারীরাও খবির আলম প্রধানিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ধরেন।
বক্তারা বলেন, মামলা দিয়ে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা উচিত নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ সময় সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং খবির আলম প্রধানিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।