
শাহাদাৎ হোসেন সরকারঃ
আশুলিয়া থানাধীন গোহাইলবাড়ী এলাকায় এক মুদি দোকানে ঢুকে দোকানের মালিক ও তার ভাইকে মারধর এবং দোকান লুট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে।
ভুক্তভোগী মোঃ আনিছুর রহমান (৫০) আশুলিয়া থানায় দায়ের করা অভিযোগে জানান, গোহাইলবাড়ী বেঙ্গল ফ্যাক্টরীর মেইন গেইট সংলগ্ন তার মুদি দোকান "জান্নাত স্টোর"-এ পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ হামলা চালায়।
অভিযুক্তরা হলেন মোঃ মমিনুল ওরফে মুলু (৪৮), কামাল উদ্দিন (৩০), মোঃ লাল চাঁন (৩৫), সাকিল (২৮), রহম আলী (৪৪), আলী মামুন (৩০) এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা দোকানে প্রবেশ করে আনিছুর রহমান ও তার বড় ভাই আবু তাহের (৫৪)-কে এলোপাতাড়ি মারধর করে।
এতে আনিছুর রহমানের হাতে গুরুতর কাটা জখম এবং আবু তাহেরের চোখের উপর অংশে রক্তাক্ত জখম হয়। হামলার সময় দোকানে থাকা নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় তারা।
এবিষয়ে অভিযুক্ত কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আহত দুই ভাই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.