
নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ার ভাদাইল এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে ভাদাইল এলাকায় কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী স্থানীয়ভাবে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক ব্যবসার মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযোগের ভিত্তিতে অদ্য ১৫ অক্টোবর রাতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসী ও চাঁদাবাজ ইমন, রাহুলসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়।
পরে আটককৃতদের কাছ থেকে ১৭টি দেশীয় অস্ত্র (রামদা, চাপাতি ইত্যাদি), ২টি টেজার এবং ৬টি অপরাধমূলক তথ্যযুক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ ইমন (২৩), ভাদাইল, আশুলিয়া
২. মোঃ রাহুল (২৩), ভাদাইল, আশুলিয়া
৩. মোঃ সাইরোয়ার (৩০), ভাদাইল, আশুলিয়া
৪. মোঃ সানোয়ার (৩৩), ভাদাইল, আশুলিয়া
৫. মোঃ বায়েজিদ (২২), ফরিদপুর
আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।