
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর গাছা থানায় জমি কেনাকে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ হামলা চালিয়েছে স্থানীয় একটি কিশোর গ্যাং। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কলমেশ্বর এলাকায় মুফতি আব্দুল কাদের মোল্লার বাসভবনে এই তাণ্ডব চালানো হয়। প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে এমন হামলায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাছা থানার কলমেশ্বর এলাকার বাসিন্দা আলহাজ্ব মুফতি আব্দুল কাদের মোল্লা ৫ মাস আগে একটি জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই স্থানীয় ‘কিশোর গ্যাং’-এর সক্রিয় সদস্য মো. জয় মণ্ডল তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জয় ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। জয় মণ্ডলের নেতৃত্বে ৯-১০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র (দা, চাপাতি, রামদা, লোহার রড) নিয়ে আব্দুল কাদের মোল্লার বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে মুফতির ছেলে সাইফুল্লাহ বাধা দেন। এ সময় জয় বাড়িতে একা থাকা সাইফুল্লাহকে রামদা দিয়ে কোপানোর চেষ্টা করলে তিনি ছাদে পালিয়ে প্রাণ রক্ষা করেন। সন্ত্রাসীরা এসময় গ্যারেজে থাকা ‘টয়োটা নোহা স্কয়ার’ (ঢাকা মেট্রো-চ ৫২-২৮৬১) গাড়িটি লোহার রড দিয়ে পিটিয়ে দুমড়েমুচড়ে দেয়। এতে প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।
ভুক্তভোগী মুফতি আব্দুল কাদের মোল্লা জানান, সন্ত্রাসীরা প্রকাশ্যে তাকে ও তার পরিবারকে খুন করার হুমকি দিয়ে বীরদর্পে চলে গেছে। এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এখন শূন্যের কোঠায়।
প্রতক্ষদর্শীরা জানান, দিনের আলোয় জনবসতিপূর্ণ এলাকায় এমন তান্ডব চললেও কেন এখনও সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে? পুলিশ কি তবে এসব কিশোর গ্যাংয়ের কাছে অসহায়?
এবিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, এঘটনায় আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।