
মোঃ জামাল আহমেদ রিপোর্টর
গাজীপুর মহানগরীর কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কাশিমপুর থানার সারদাগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের হাজি মার্কেট এলাকায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। দৌড়, বালিশ বদল, ‘যেমন খুশি তেমন সাজো’সহ নানান প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের শারীরিক দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেয়। খেলাধুলা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানটি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান সমন্বয়ক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম। বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও ধারাবাহিক সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবছর এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানের শেষপর্বে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.