
নিজস্ব প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকারের নির্দেশনায় মহানগরকে গ্রীন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবৈধ দখল উচ্ছেদে অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে গত ৩০ মার্চ সোমবার ফুটপাত দখলমুক্ত ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রশাসক নিজেই মাঠে নেমে ফুটপাত দখল করে বসানো বিভিন্ন অস্থায়ী দোকান ও হকারদের উচ্ছেদ করেন। এ সময় ফুটপাতে অবৈধভাবে বসানো দোকানপাট সরিয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক করা হয়।
তবে উচ্ছেদের কয়েক ঘণ্টা পরই কিছু হকার পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে। বিষয়টি প্রশাসনের নজরে আসার সঙ্গে সঙ্গে প্রশাসকের নির্দেশে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যৌথভাবে পুনরায় অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের টিম জয়দেবপুর রেলক্রসিং সংলগ্ন বাজারসহ আশপাশের ফুটপাত সম্পূর্ণভাবে উচ্ছেদ করে এবং স্থায়ীভাবে দখলমুক্ত করে।
এ বিষয়ে প্রশাসক শওকত হোসেন সরকার জানান, নগরীর ফুটপাত মূলত পথচারীদের জন্য। কোনো অবস্থাতেই সেখানে অবৈধ দখল বা বাজার বসতে দেওয়া হবে না। যদি পরবর্তীতে কেউ পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে জেল-জরিমানার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট টিম নিয়মিত অভিযান ও পরিদর্শন চালাবে। শুধু জয়দেবপুর নয়, গাজীপুর মহানগরের প্রতিটি বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় যেখানে ফুটপাত দখল করা হবে, সেখানেই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে নগরবাসী স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে ফুটপাত দখলমুক্ত থাকবে এবং পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.