
স্টাফ রিপোর্টার গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন কাশিমপুর বন বিট এলাকায় বনভূমি দখল ও বালি ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বন বিভাগের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার যোগসাজশে এ কার্যক্রম চলছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
কাশিমপুর ৩ নং ওয়ার্ড গোবিন্দ বাড়ি এলাকায় বিএনপির যুবদলের নেতা হাফিজুর রহমান রাজু এবং নিষিদ্ধ আওয়ামী লীগের দুলাল মন্ডল সহ বনের জমি নিয়ন্ত্রণে করছেন তারা তাইলে বন কর্মকর্তারা কি করছেন এমনটাই প্রশ্ন এলাকাবাসীর
জানা যায়, কাশিমপুরের গোবিন্দবাড়ি মৌজায় মন্ডল গার্মেন্টসের পেছনে আরএস ৩১৫ দাগের প্রায় ২৫ শতক বনভূমি রয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী এখানে বাগান সৃজনের কথা থাকলেও বর্তমানে সেখানে বাঁশের বাউন্ডারি দিয়ে বালি ভরাটের কাজ চলছে।
স্থানীয়দের দাবি, নাজিম নামের এক ব্যক্তি ভবিষ্যতে জমি দখলের উদ্দেশ্যে এ ভরাট কার্যক্রম পরিচালনা করছেন।
এলাকাবাসী জানান, পূর্বে দায়িত্বে থাকা বিট কর্মকর্তা সুলাইমান হোসেন এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করেছিলেন। তবে বর্তমানে আবারও একই কার্যক্রম শুরু হওয়ায় তারা উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, এভাবে বনভূমি দখল অব্যাহত থাকলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগের ঝুঁকি তৈরি হতে পারে।
এ বিষয়ে বর্তমান কাশিমপুর বিট কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি—আওয়ামী লীগের দুলাল মন্ডল ও বিএনপির যুবদল নেতা হাফিজুর রহমান রাজুর চাপে তিনি কার্যত জিম্মি অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় বন বিভাগের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, বিষয়টি রেঞ্জ কর্মকর্তাকে জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বনভূমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.