
নিজস্ব প্রতিনিধি
কোনাবাড়ীতে প্রেসক্লাবকে ঘিরে জটিল বিরোধের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কোনো ধরনের নির্বাচন ছাড়াই সালাউদ্দিনকে সভাপতি ঘোষণা করা হয়েছে এবং প্রতিষ্ঠাতা সদস্যদের প্রায় দুই-তৃতীয়াংশকে বিনা নোটিশে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় সাংবাদিক সমাজে বিভক্তি দেখা দিয়েছে।
ভুক্তভোগী সদস্যদের দাবি, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা না করেই নতুন করে কমিটি গঠন করা হয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠাতা সদস্যদের কোনো লিখিত বা মৌখিক নোটিশ ছাড়াই সদস্যপদ বাতিল করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।
এছাড়া অভিযোগ রয়েছে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কমিটির কাগজপত্র পরিবর্তন করে নতুন নেতৃত্ব দেখানো হয়েছে। এতে পুরনো সদস্যদের মধ্যে অসন্তোষ চরমে পৌঁছেছে।
এদিকে, যেসব প্রতিষ্ঠাতা সদস্যকে বাদ দেওয়া হয়েছে, তারা নিজেদের অধিকার ও সংগঠনের স্বচ্ছতা রক্ষার দাবিতে একই নামে আরেকটি প্রেসক্লাব গঠন করেছেন। তাদের দাবি, অনিয়ম ও অগণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিবাদ জানাতেই তারা এই উদ্যোগ নিয়েছেন।
নতুনভাবে গঠিত পক্ষের একজন সদস্য বলেন, “গঠনতন্ত্র উপেক্ষা করে কাউকে সভাপতি ঘোষণা করা এবং প্রতিষ্ঠাতা সদস্যদের বাদ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমরা বাধ্য হয়েই আলাদা প্ল্যাটফর্ম গড়েছি।”
অন্যদিকে, বর্তমান কমিটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, দুই পক্ষের এমন অবস্থান সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছে।
স্থানীয় সাংবাদিক মহলের একাংশ মনে করছেন, দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তারা স্বচ্ছতা নিশ্চিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি ঐক্যবদ্ধ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।
পর্ব এক বিস্তারিত পর্বে ২ এ
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2026 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.