নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগ উঠেছে বি এম ইকবাল কবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সরজমিনে দেখা যায় মাত্র ৫০ টাকা ভিজিটের বিনিময়ে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া, প্রেসক্রিপশন লেখা এবং ওষুধ সরবরাহের অভিযোগে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা গেট এলাকায় সুলতান মার্কেটে অবস্থিত ‘ইকবাল মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে বসে নিয়মিত রোগী দেখেন বি এম ইকবাল কবির। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসক পরিচয়ে বিভিন্ন রোগের রোগী দেখে আসছেন এবং তাদের শারীরিক সমস্যা শুনে প্রেসক্রিপশন লিখে ওষুধ গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন।
চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা ইকবাল কবিরকে একজন চিকিৎসক হিসেবেই জানতেন। বিভিন্ন রোগের চিকিৎসার জন্য তারা তার কাছে আসেন এবং তার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করেন।
এই বিষয়ে জানতে চাইলে বি এম ইকবাল কবির বলেন, “আমি কোনো ডাক্তার নই। অভিজ্ঞতার ভিত্তিতে রোগী দেখি এবং ওষুধ দিই। আগে চিকিৎসকদের সঙ্গে থেকে কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছি। সবকিছু শুধু লেখাপড়ার মাধ্যমে হয় না, অভিজ্ঞতার মাধ্যমেও হয়।”
তবে তার কাছে কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি, বিএমডিসি কর্তৃক নিবন্ধন কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালনার বৈধ অনুমোদন রয়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কাগজপত্র বা তথ্য দেখাতে পারেননি।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, যথাযথ ডিগ্রি ও নিবন্ধন ছাড়া চিকিৎসাসেবা প্রদান জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এলাকাবাসী স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।