
নিজস্ব প্রতিবেদক
সরকারি অফিসের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেলের আওতাধীন কাশিমপুর ভূমি অফিসে মিলছে ভূমিসেবা—এমন দৃশ্য ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা ছয়টার দিকে অফিসে উপস্থিত রয়েছেন কাশিমপুর ভূমি অফিসের ভূমি কর্মকর্তা হাজরা আক্তার এবং চলছে ভূমি-সংক্রান্ত কার্যক্রম।
সরকারি নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে নির্ধারিত কর্মঘণ্টার বাইরেও দায়িত্ব পালনের এই ঘটনায় জনমনে দেখা দিয়েছে নানা সন্দেহ।
প্রশ্ন উঠছে, অফিস সময় শেষ হওয়ার পর ঠিক কাদের সেবা দিতে সেখানে উপস্থিত থাকছেন সংশ্লিষ্ট কর্মকর্তা?
এর আগে কাশিমপুর ভূমি অফিসকে ঘিরে দালালচক্রের দৌরাত্ম্য, অনিয়ম এবং সেবার মান নিয়ে নানা অভিযোগ সামনে আসে।
এসব অভিযোগের পর জেলা প্রশাসকের আকস্মিক অভিযানে অনিয়মের চিত্র ধরা পড়লে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার ঘটনাও ঘটে।
কিন্তু সেই ঘটনার পরও নির্ধারিত অফিস সময়ের বাইরে নাগরিকদের অফিসে আসতে বলা হচ্ছে কেন—এ প্রশ্ন এখন সামনে এসেছে।
অফিস সময়ের বাইরে গিয়ে ভূমিসেবা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না, সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন।
নাকি আবারও আগের মতো সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র?
সেবাগ্রহীতাদের সঙ্গে কোনো ধরনের আন্ডার-দ্য-টেবিল সমঝোতা হচ্ছে কি না, তা নিয়েও উঠছে গুরুতর প্রশ্ন।
নির্ধারিত কর্মঘণ্টার বাইরে চলা এসব কার্যক্রমের প্রকৃত কারণ জানতে প্রয়োজন প্রশাসনিক তদন্ত।
কারা এ সময় অফিসে আসছেন, কী সেবা নিচ্ছেন এবং কোন প্রক্রিয়ায় তাদের কাজ সম্পন্ন হচ্ছে—তা খতিয়ে দেখলেই বেরিয়ে আসতে পারে আসল রহস্য।
এখন দেখার বিষয়, কাশিমপুর ভূমি অফিসে সন্ধ্যায় চলা এই কার্যক্রম প্রশাসনের অনুমোদিত নাগরিকসেবা, নাকি পুরোনো অনিয়মের নতুন কোনো অধ্যায়।