
নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বনভূমি দখল, অবৈধ ব্যবসা পরিচালনা ও চাঁদাবাজির একাধিক গুরুতর অভিযোগ উঠেছে সুলতান মাহামুদ আবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নিজেকে মৌচক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন বলে জানা গেছে।
, ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন মৌচাক বন বিটের উত্তর মৌচক এলাকার ৬ নম্বর ওয়ার্ডে, জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসার সামনে সরকারি বনভূমি দখল করে দীর্ঘদিন ধরে ইট ও বালির ব্যবসা পরিচালনা করছেন তিনি। অভিযোগ অনুযায়ী, ওই বনভূমির জমি ভরাট করে দোকানসহ একাধিক স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ।
এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটিয়ে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করছেন। বনভূমিতে বাড়ি নির্মাণের সুযোগ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। কেউ প্রতিবাদ করলে হুমকি-ধমকি ও হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
একদিকে বনভূমি ধ্বংস হয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকাবাসী দ্রুত এই অবৈধ দখল উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মৌচক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম এর কাছে জানান, সুলতান মাহামুদ আবির আমাদের কমিটির কেউ নয়। সে বিএনপির নাম ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালাচ্ছে।” তিনি আরও বলেন, বিষয়টি জেলা ছাত্রদল সভাপতির সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত সুলতান মাহামুদ আবিরের বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য মেলেনি।
স্থানীয়দের দাবি, বনভূমি রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ ও চাঁদাবাজি বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এখনই জরুরি।
এদিকে সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং অতি দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।