
গাজীপুর প্রতিনিধি:
অকারণে হর্ন বাজানো ও যানবাহনের শব্দদূষণ রোধে গাজীপুরে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা ও ‘নো হর্ন’ মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং, বুধবার বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে (ভাওয়াল সম্মেলন কেন্দ্র) এ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি, গাজীপুর জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অকারণে হর্ন বাজানো বন্ধ করে শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। যানবাহন চলাচলের সময় অপ্রয়োজনীয় হর্ন ও অন্যান্য শব্দ ব্যবহার থেকে বিরত থাকতে চালক ও সাধারণ মানুষের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, অকারণে হর্ন বাজানো বর্তমানে একটি উদ্বেগজনক বিষয়। অতিরিক্ত হর্নের কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে। এ বিষয়ে সরকারও বিশেষ গুরুত্বারোপ করেছে।
সভা শেষে ‘নো হর্ন’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে হরিণাল বাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা অকারণে হর্ন না বাজিয়ে যানবাহন চালানোর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেন।
র্যালিতে প্রশাসন, পুলিশ ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, শব্দদূষণমুক্ত ও বাসযোগ্য গাজীপুর গড়ে তুলতে অকারণে হর্ন বাজানো বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের পাশাপাশি এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।