
কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরের কাশিমপুরে ট্রায়াঙ্গেল সার্ভিস লিমিটেডের ইন্টারনেট সেবার অপটিক্যাল ফাইবার ক্যাবল ও বিভিন্ন সরঞ্জাম চুরির মামলায় দুইজন এবং মাদক ও অন্যান্য মামলায় আরও ১০ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে বুধবার (২৩ সেপ্টেম্বর) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ট্রায়াঙ্গেল সার্ভিস লিমিটেড একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মাধ্যমে কাশিমপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা দেওয়া হয়। কাশিমপুরের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির ফাইবার টিমের সদস্যদের কাজে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ২৪ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে কাশিমপুর থানাধীন সুরাবাড়ী দেওয়ান মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় মসজিদ এলাকা, ছায়াতল মার্কেট, নাভানার মোড়সহ বিভিন্ন স্থান থেকে প্রতিষ্ঠানটির অপটিক্যাল ফাইবার ক্যাবল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ১০ হাজার ৮০০ মিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল, জয়েন্ট বক্স, স্প্লিটার, ডিভাইস, অ্যানু ও অন্যান্য সরঞ্জাম। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
চুরির ঘটনায় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেলে গ্রাহকদের মাধ্যমে বিষয়টি জানতে পারে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পরে কাশিমপুর থানায় মামলা করা হয়।
মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২২ সেপ্টেম্বর রাতে কাশিমপুর থানাধীন সুরাবাড়ী এলাকা থেকে মামলার নামীয় আসামি মো. ফয়সাল আহমেদ (২৯)-কে গ্রেপ্তার করে। মামলার নথি অনুযায়ী, ফয়সাল আহমেদের পিতা মৃত আব্দুল হাই ও মাতা আউলিয়া বেগম। তার ঠিকানা সুরাবাড়ী, ৫ নম্বর ওয়ার্ড, থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর।
পুলিশের নথিতে আরও বলা হয়েছে, ফয়সাল আহমেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার বিষয়ে তথ্য দেন এবং চুরির ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে তথ্য দেন। পরে তার দেওয়া তথ্য ও শনাক্তমতে পুলিশ অভিযান চালিয়ে ২৩ সেপ্টেম্বর সকালে ডিএম মাসুম বিল্লাহ ওরফে বাপ্পি দেওয়ান (৩২)-কে গ্রেপ্তার করে।
মামলার নথি অনুযায়ী, ডিএম মাসুম বিল্লাহ ওরফে বাপ্পি দেওয়ানের পিতা মৃত জালাল দেওয়ান এবং মাতা মাকছুদা জালাল। তার ঠিকানা সুরাবাড়ী, থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর।
৫৫ পিস ইয়াবাসহ লাল চাঁন আটক
অন্যদিকে, কাশিমপুর থানার আরেকটি মাদক মামলায় মো. লাল চাঁন (৩০) নামে একজনকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
মামলার নথি অনুযায়ী, লাল চাঁনের পিতা কানু মিয়া এবং মাতা লাল বানু। তার স্থায়ী ঠিকানা নলিককা ঠাকুরপাড়া, থানা-কশিগঞ্জ, জেলা-জামালপুর। বর্তমানে তিনি দক্ষিণ পানিশাইল, মোমেনা স্কুল সংলগ্ন এলাকায় জয়নালের বাসার ভাড়াটিয়া, থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, ২৩ সেপ্টেম্বর ভোরে কাশিমপুর থানাধীন উত্তর পানিশাইল, মোমেনা স্কুলের সামনে মুন্সিপাড়া গলি রাস্তার ওপর মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার অভিযোগে লাল চাঁনকে আটক করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির বাম কোচরে থাকা একটি সাদা এয়ারটাইট জিপার প্যাকেট থেকে ৫৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ দশমিক ৫ গ্রাম বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
পুলিশের নথিতে বলা হয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার অভিযোগে লাল চাঁনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এই বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খালিদ হোসেন বলেন, ট্রায়াঙ্গেল প্রতিষ্ঠানের ক্যাবল চুরি মামলায় দুইজন এবং মাদক ও অন্যান্য মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ফাইবার ক্যাবল চুরি, মাদকসহ এসব ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।