
গাজীপুর কাশিমপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুরে মাদকবিরোধী প্রতিবাদ করায় সাংবাদিক মোঃ মেহেদী হাসান মোল্লার বাবা আঃ বারেক মোল্লার ওপর কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কাশিমপুর থানাধীন ৩ নং ওয়ার্ড গোবিন্দবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অবস্থান ও স্থানীয় একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে পূর্ববিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে ফরেস্ট অফিস সংলগ্ন আমজাদের চায়ের দোকানের সামনে আঃ বারেক মোল্লার ওপর হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়েছে, আলিফ (১৮) নামে এক যুবকসহ অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি পেছন থেকে এসে লোহার রড দিয়ে আঃ বারেক মোল্লাকে মারধর করেন। একপর্যায়ে মাথায় রড দিয়ে আঘাত করার চেষ্টা করা হলে তিনি সরে যাওয়ায় রডের ধারালো অংশ তার ঠোঁটের ওপরের অংশে লেগে কেটে গিয়ে রক্তাক্ত জখম হয়। পরে হামলাকারীরা শরীরের বিভিন্ন স্থানে মারধর করে জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত আঃ বারেক মোল্লার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।
এ সময় পরবর্তীতে সুযোগ পেলে তাকে হত্যা ও লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাংবাদিক মেহেদী হাসান মোল্লা ঘটনাস্থলে গিয়ে তার বাবাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় তিনি কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।