
নিজস্ব প্রতিনিধি
এখন থেকে দেশের সাধারণ মানুষ অনলাইনে সরাসরি জাতীয় সংসদের অধিবেশন দেখতে পারবেন। btvlive.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে যে কেউ সংসদের কার্যক্রম লাইভ অনুসরণ করার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে সংসদের আলোচনা, বিল উত্থাপন, আইন প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে নাগরিকরা ঘরে বসেই জানতে পারবেন।
ডিজিটাল প্রযুক্তির এই ব্যবহারের ফলে সংসদের কার্যক্রম আরও স্বচ্ছ ও উন্মুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম সম্পর্কে সরাসরি অবগত থাকতে পারবেন এবং দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী আলোচনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার সকলকে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংসদের কার্যক্রম জনগণের সামনে উন্মুক্ত করা হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, অনলাইনে সংসদের অধিবেশন সম্প্রচার করার ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। জনগণ সরাসরি দেখতে পারবেন তাদের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে কী ধরনের আলোচনা করছেন এবং কীভাবে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এর ফলে গুজব বা ভুল তথ্যের পরিবর্তে সঠিক তথ্য সহজেই মানুষের কাছে পৌঁছাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা পাবে। একই সঙ্গে প্রযুক্তির মাধ্যমে সংসদের কার্যক্রম সবার জন্য উন্মুক্ত হওয়ায় জনগণ ও রাষ্ট্রের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে।