
স্টাফ রিপোর্টার, মোঃ জামাল আহমেদ গাজীপুর:
উদ্বোধনের আগেই ধসে পড়া গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকার একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি সরাসরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আজ দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব শহীদুল হাসান, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া, উপ-সচিব রবিউলসহ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
পরিদর্শনে দেখা গেছে, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের কারণে সড়কের একটি অংশ ধসে গেছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা, যার মধ্যে ঠিকাদারকে ইতোমধ্যে ৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে এবং ৫ কোটি টাকা এখনও বাকি রয়েছে।
দায়িত্বে অবহেলার কারণে নির্বাহী প্রকৌশলী শামছুর রহমান এবং প্রকল্প পরিচালক হারুনুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে, যাতে আপাতত তারা কোনো সরকারি প্রকল্পের কাজ করতে না পারে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “জনগণের টাকায় নির্মিত কোনো প্রকল্পে অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। তদন্তে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে কোনাবাড়ী থানার বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত সড়ক পুনর্নির্মাণ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।