
জেলা প্রতিনিধি
আশুলিয়ায় পাওনা টাকা পরিশোধ না করে উল্টো পাওনাদারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে ফয়সাল নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বুধবার ২ সেপ্টেম্বর অপপ্রচারের শিকার আশুলিয়ার কুমকুমারী গ্রামের সুমন মিয়া জানান,তার পাশের গ্রাম বাসাইদের বাসিন্দা ফয়সালের সাথে তার ব্যবসায়ীক সম্পর্ক ছিলো।সেই সুবাদে কুমকুমারী গ্রামের একজন বাসাইদ গ্রামে থাকা একটি জমি বিক্রয় করতে চাইলে সে ফয়সালকে জমিটি ২০লাখ টাকায় বায়না করে নেয়ার প্রস্তাব দেয়।ফয়সাল তাতে আগ্রহ প্রকাশ করলে জমিটি দুজনের নামে বায়না করে নেয়ার শর্তে সে (সুমন মিয়া ) বায়না বাবদ ফয়সালকে ৫ লাখ টাকা দেয়।তার কিছুদিন পর ওই জমিতে বায়না সংক্রান্ত সাইন বোর্ডে ফয়সালের নামের সাথে সুমন মিয়ার জায়গায় শাহ আলম লেখা দেখতে পেয়ে ফয়সালের সাথে যোগাযোগ করলে ফয়সাল ওই জমি শাহ আলম বায়না করে নিয়েছে মর্মে জানায়। আর বায়না বাবদ নেয়া পাঁচ লাখ টাকা ফেরত দিয়ে দিবে বলে সাফ জানিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে ঐ টাকা ফেরত দেয়া নিয়ে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ ও টালবাহানা করতে থাকে। আরো কিছু দিন গত হওয়ার পর ফয়সাল টাকা ফেরত না দেওয়ার নতুন কৌশল অবলম্বন করে। টাকা চাইলেই চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়।এবং বিভিন্ন ভাবে অপপ্রচার করতে থাকে ।অপপ্রচারের মাধ্যমে সামাজিক সুনাম ক্ষুণ্ণ করায় ভুক্তভোগী সুমন আইনগত ব্যবস্থা নিতে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।