
নিজস্ব প্রতিবেদক | গাজীপুর : গাজীপুর মহানগরের কাশিমপুরে বিএনপির নাম ভাঙিয়ে এক ছেলে ও এক মেয়েকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি নাহিদকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকার একটি সড়ক থেকে ভুক্তভোগী ছেলে ও মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায় নাহিদ ও তার সহযোগীরা। পরে তাদের একটি অফিসে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় নিজেদের বিএনপির নেতাকর্মী পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভুক্তভোগীদের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কাশিমপুর থানায় অপহরণ, অবৈধভাবে আটক, চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় নাহিদসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে প্রধান আসামি নাহিদকে গ্রেফতার করে কাশিমপুর থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কাশিমপুর থানা পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।